ডাসারে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে ভুয়া সাংবাদিক আটক, মুচলেকায় মুক্তি

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি:
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩৮ পিএম
শেয়ার করুন:
ডাসারে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে ভুয়া সাংবাদিক আটক, মুচলেকায় মুক্তি

মাদারীপুরের ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে উজ্জ্বল মণ্ডল (৩০) নামের এক ভুয়া সাংবাদিককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে লিখিত মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালীগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। আটক উজ্জ্বল মণ্ডল কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নয়াকান্দি গ্রামের ঝন্টু মণ্ডলের ছেলে। তিনি নিজেকে ‘সাপ্তাহিক এশিয়া বার্তা’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বালীগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান ছুটিতে থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতিক্রমে দাপ্তরিক কাজকর্ম পরিচালনা করছেন কম্পিউটার অপারেটর আবদুস সালাম। সম্প্রতি উজ্জ্বল মণ্ডল ওই অফিসে গিয়ে আবদুস সালামকে বিভিন্ন ভয়ভীতি ও চাকরিচ্যুতির হুমকি দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিলে বাধ্য হয়ে সালাম তাঁকে ১০ হাজার টাকা দেন। বৃহস্পতিবার দুপুরে বাকি ২০ হাজার টাকা নিতে এলে স্থানীয়দের সহায়তায় তাঁকে হাতেনাতে আটক করা হয়। এছাড়া অফিসের সহায়ক (পিয়ন) দেলোয়ার হোসেনের কাছেও বেতনের টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী কম্পিউটার অপারেটর আব্দুস সালাম বলেন, "সাংবাদিক পরিচয়ে আমাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করেছিলেন উজ্জ্বল। বাধ্য হয়ে আগেই তাঁকে ১০ হাজার টাকা দিয়েছিলাম। বাকি টাকা নিতে বৃহস্পতিবার দুপুরে অফিসে এলে স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন।" 

এদিকে সাংবাদিকতার মতো মহান পেশার নাম ভাঙিয়ে এমন অপকর্মে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল। তাঁরা জানান, এ ধরনের প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে অর্থ আদায় করছে, যার ফলে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে এ জাতীয় প্রতারণা বন্ধে চক্রটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।