পাহাড়ি অর্থনীতিতে নতুন দিগন্ত: অবমুক্ত হলো উচ্চফলনশীল ‘বারি কাজু বাদাম-১’

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
৯ নভেম্বর, ২০২৬ ৫:২৪ পিএম
শেয়ার করুন:
পাহাড়ি অর্থনীতিতে নতুন দিগন্ত: অবমুক্ত হলো উচ্চফলনশীল ‘বারি কাজু বাদাম-১’

দেশের পাহাড়ি অঞ্চলের কৃষিতে এক নতুন ও সোনালী সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে অবস্থিত পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে সফলভাবে অবমুক্ত করা হয়েছে উচ্চফলনশীল নতুন জাত ‘বারি কাজু বাদাম-১’ (BARI Kaju badam-1)। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর বিজ্ঞানীদের দীর্ঘদিনের নিরলস গবেষণা এবং মাঠপর্যায়ের সফল মূল্যায়নের পর উন্নত এই জাতটি বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সংশ্লিষ্টদের মতে, স্থানীয় আবহাওয়া ও পাহাড়ি ভূমির ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে জাতটি চমৎকারভাবে মানিয়ে নিতে সক্ষম। ফলে এটি পার্বত্য অঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। 

নতুন এই জাত অবমুক্তির বিষয়ে কাপ্তাই রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমান বলেন,  
“‘বারি কাজু বাদাম-১’ জাতটি আমাদের পাহাড়ি মাটির উর্বরতা ও জলবায়ুর সঙ্গে শতভাগ উপযোগী। এটি অত্যন্ত উচ্চফলনশীল হওয়ায় সাধারণ জাতের তুলনায় কৃষকেরা অনেক বেশি লাভবান হবেন। পাহাড়ে কাজু বাদামের বাণিজ্যিক চাষ সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে এর প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবে।”

কৃষি বিশেষজ্ঞদের অভিমত, পাহাড়ি অঞ্চলের ঢালু ও অনাবাদি জমি—যেখানে প্রচলিত অন্যান্য ফসল ফলানো বেশ কঠিন, সেখানে কাজু বাদাম চাষ একটি অত্যন্ত লাভজনক বিকল্প হতে পারে। নতুন উদ্ভাবিত এই উন্নত জাতটি দ্রুত কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে তা স্থানীয় পুষ্টি ও অর্থনৈতিক চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রফতানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।