মনোহরগঞ্জে ডিবির অভিযান: ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

কুমিল্লা প্রতিনিধিঃ
৩০ আগস্ট, ২০২৬ ৮:৪৩ পিএম
শেয়ার করুন:
মনোহরগঞ্জে ডিবির অভিযান: ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

কুমিল্লার মনোহরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রবিবার (৩০ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত এয়াকুব খান বাবর নোয়াখালী জেলার সেনবাগ থানার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। সেখানে বাবরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত ‘ডিসকভার’ মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে বাম পাশে বাঁধা একটি বস্তার ভেতর থেকে ১টি সচল শটগান, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া শটগানটি গত ৫ আগস্ট (২০২৪) থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রের একটি কি না, তা নিবিড়ভাবে যাচাই-বাছাই ও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনানুগ প্রক্রিয়া শেষে অদ্য রবিবার বিকেল ৩টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।