যশোরের অভয়নগরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

যশোর প্রতিনিধিঃ
২৪ জুলাই, ২০২৬ ১০:১৭ পিএম
শেয়ার করুন:
যশোরের অভয়নগরে ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে ভৈরব নদ থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব নদের জোয়ারের পানিতে কচুরিপানার মধ্যে একটি ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়িতে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি নদী থেকে উদ্ধার করে। 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুষ্কৃতকারীরা অন্য কোথাও ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়ে থাকতে পারে, যা পরবর্তীতে জোয়ারের পানিতে ভেসে অভয়নগরের খেয়াঘাট এলাকায় চলে আসে। পানিতে দীর্ঘদিন থাকার কারণে নিহতের মুখমণ্ডলসহ পুরো শরীর বিকৃত হয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওয়াপাড়া নৌ পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রনজিৎ সেন বলেন, “পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ওই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে লাশটি ভেসে এসেছে। মুখমণ্ডল ও শরীর বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।