মাগুরায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:৪৯ পিএম
শেয়ার করুন:
মাগুরায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

মাগুরার শালিখা উপজেলায় পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ গাজী (৪৫)। তিনি ওই গ্রামের মৃত মোসলেম গাজীর মেজো ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম সিদ্দিক গাজী (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মোসলেম গাজীর চার ছেলের মধ্যে বাবার রেখে যাওয়া জমিজমার ভাগবণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সিদ্দিক গাজী ও তাঁর ছোট ভাই মাসুদ গাজীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিদ্দিক গাজীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মাসুদের মৃত্যু হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।

খবর পেয়ে শালিখা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।