এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট টুর্নামেন্টে বলের সীমানা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে চার দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, অগ্নিবীণা হলের সামনে এবং কলা ভবনের সামনে ও পেছনের অংশে দফায় দফায় এ সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘নজরুল প্রিমিয়ার লিগ’ (এনপিএল) ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। ম্যাচের একপর্যায়ে মাঠের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে টুর্নামেন্টের আয়োজকদের সঙ্গে পাশে ফুটবল খেলতে থাকা শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা ও কথা-কাটাকাটি হয়। খেলা শেষে বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষ একত্র হলে উত্তেজনা আরও বাড়ে এবং হাতাহাতির সৃষ্টি হয়। এ সময় এক জ্যেষ্ঠ শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ ওঠে।
এরই জের ধরে অগ্নিবীণা হল ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে এনপিএল আয়োজক কমিটির সদস্য সিফাত ও নাসিমসহ আরেক খেলোয়াড়কে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এতে ফুটবল খেলতে আসা ইংরেজি এবং লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা জড়িত ছিলেন বলে জানা গেছে। হামলার পর তারা কলা ভবনের সামনে অবস্থান নেন।
পরবর্তীতে আয়োজক কমিটির পক্ষ থেকে শতাধিক শিক্ষার্থী কলা ভবনের সামনে গেলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় কলা ভবনের পেছনে তিনজনকে পেয়ে রড ও ক্রিকেটের স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হলেও তাঁর সঙ্গেও কিছু শিক্ষার্থী অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।
সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের রবিউল, সাকিব, রাফি ও রোমানকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া সিফাত ও দিদারুল নামের অপর দুই শিক্ষার্থীও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও প্রক্টরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, “ক্যাম্পাসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন বলে জেনেছি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ফেব্রু ২৪, ২০২৬
জুলাই ২৫, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।