বাংলাদেশ সফরে এসেছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

অনলাইন ডেস্কঃ
৪ আগস্ট, ২০২৬ ৩:০৮ পিএম
শেয়ার করুন:
বাংলাদেশ সফরে এসেছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান 'দারুল উলুম দেওবন্দ'-এর মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আগমন করেছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বাংলাদেশ সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদ্রাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ তাঁর আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। সফরকালে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ ইলমি সেমিনারে অংশ নেবেন।

সফরের মূল কার্যক্রম ও সূচি:

৫ আগস্ট (বুধবার), সকাল ৯টা – দুপুর ১টা:  
রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি (KIB) কমপ্লেক্সে ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’ আয়োজিত ‘ইলমি সেমিনার’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা আবদুল মতিন রচিত জামে তিরমিজির ব্যাখ্যাগ্রন্থ ‘কিফায়াতুল মুগতাযি’ (১-১৭ খণ্ড) প্রকাশনা উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের প্রতিপাদ্য বিষয়: ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা অংশ নেবেন।

৫ আগস্ট (বুধবার), বিকেল ৩টা:  
মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিতব্য ‘আত্মশুদ্ধি ও আত্মগঠন’ শীর্ষক বিশেষ আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন দেওবন্দের এই শীর্ষ ব্যক্তিত্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদ্রাসাটির মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

এছাড়াও সফরকালে তিনি নিউ মালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদসহ বিভিন্ন কওমি মাদ্রাসা পরিদর্শন ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সফর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ জানান, আল্লামা মুফতি আবুল কাসেম নোমানীর এই আগমন দেশের দ্বীনি শিক্ষা ও ইসলামি অঙ্গনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর সফরকে কেন্দ্র করে আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। 

চার দিনের সংক্ষিপ্ত সফর শেষে আগামী ৭ আগস্ট (শুক্রবার) তিনি ভারতের দেওবন্দের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।