নওগাঁর রাণীনগরে পরিত্যক্ত অবস্থায় ১০টি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিরপুল এলাকার একটি জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাতিরপুল এলাকায় সড়কের পাশে জঙ্গলে ককটেলসদৃশ বস্তু পড়ে রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫, নাটোর ক্যাম্পের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র। এ সময় জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লাল রঙের টেপ দিয়ে মোড়ানো ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া বস্তুগুলোর জব্দ তালিকা প্রস্তুত করে রাণীনগর থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, উদ্ধারকৃত বস্তুগুলো থানায় জমা রাখা হয়েছে এবং এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না এবং সেগুলো সক্রিয় অবস্থায় রয়েছে কি না, তা পরীক্ষা করতে একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।