জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১১:৪০ এএম
শেয়ার করুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এবারের অধ্যক্ষ সম্মিলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—*‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’*

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি এবং অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার পরিবেশের টেকসই রূপান্তরে অধ্যক্ষদের ভূমিকা আরও জোরদার করাও এর অন্যতম উদ্দেশ্য।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছেন, যা দেশের মোট উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর সমন্বয় বৃদ্ধি, শিক্ষার মান তদারকি এবং প্রাতিষ্ঠানিক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।