রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহনে আকাশসীমা জটিলতা: ব্যাখ্যা দিল পাকিস্তান

অনলাইন ডেস্কঃ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৪ এএম
শেয়ার করুন:
রূপপুরের পারমাণবিক জ্বালানি পরিবহনে আকাশসীমা জটিলতা: ব্যাখ্যা দিল পাকিস্তান

বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি (ইউরেনিয়াম) পরিবহনে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বিষয়টি আলোচনায় আসার পর ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, এটি নিছকই একটি ‘কারিগরি ও প্রক্রিয়াগত’ বিষয়, এর পেছনে অন্য কোনো কারণ নেই।

হাইকমিশনের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিক ফ্লাইট ও আকাশসীমা ব্যবহারের যে কোনো আবেদন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল প্রটোকল এবং নির্ধারিত সরকারি বিধিবিধান মেনেই সম্পন্ন করা হয়।

বিবৃতিতে বলা হয়, “প্রতিবেদনগুলোতে যে বিষয়টি উঠে এসেছে, তা মূলত ফ্লাইটের রুট নির্ধারণ এবং আকাশসীমা ব্যবহারের অনুমোদনের সঙ্গে সম্পর্কিত কারিগরি ও প্রক্রিয়াগত ব্যবস্থাপনার অংশ। এ ধরনের স্পর্শকাতর পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য সংস্থার মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের প্রয়োজন পড়ে, যার ফলে কখনো কখনো ফ্লাইটের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আসতে পারে।”

হাইকমিশন আরও উল্লেখ করে, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। তাই বিষয়টিকে রাজনৈতিক রঙ না দিয়ে নিছক কারিগরি প্রেক্ষাপটেই বিবেচনা করা উচিত। পাশাপাশি দুই দেশের মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন কোনো অনুমানভিত্তিক প্রতিবেদন বা বয়ানকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

বাংলাদেশে পৌঁছানোর নতুন সময় অক্টোবরে  
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে পাঠানো ইউরেনিয়াম জ্বালানির চালানটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি পেতে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে চালানটি ঢাকায় পৌঁছাতে পারেনি।

এ প্রসঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) লিয়াজোঁ কর্মকর্তা জানান যে আকাশসীমা ছাড়পত্রসংক্রান্ত জটিলতায় নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। 

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, রাশিয়া নতুন করে জানিয়েছে যে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ইউরেনিয়ামের চালানটি বাংলাদেশে পৌঁছাতে পারে। 

রূপপুর পারমাণবিক প্রকল্পের অগ্রগতি  
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে ৩+ প্রজন্মের দুটি ‘ভিভিইআর-১২০০’ পারমাণবিক চুল্লি স্থাপন করা হচ্ছে, যেখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। 

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্পটির প্রথম ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানির প্রথম চালান সফলভাবে দেশে আসে। কঠোর নিরাপত্তা ও বিশেষ বিকিরণ-নিরাপদ কনটেইনারে ‘গ্রিন করিডোর’ সুবিধার মাধ্যমে তা রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছে দেওয়া হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।