নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৪ নভেম্বর, ২০২৬ ৫:৫৮ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় ক্রেডিট কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নওগাঁ শাখার ক্রেডিট কার্ড জালিয়াতি করে বিভিন্ন ব্যাংকের এটিএম ও সিআরএম বুথ থেকে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেকবই এবং জালিয়াতিতে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়া গ্রামের মো. শহিদুল ইসলাম ওরফে রিপন (৩৭) এবং তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। 

শনিবার (১৪ নভেম্বর) নওগাঁ জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নওগাঁ শাখার প্রিন্সিপাল অফিসার মো. ফয়জুল ইসলাম (৪৪)। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত শহিদুল ইসলাম ওই ব্যাংকের একজন হিসাবধারী ও বিনিয়োগ গ্রাহক। ২০১৫ সালে তার চলতি হিসাবের বিপরীতে ব্যাংক থেকে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ’ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়।

অভিযোগ অনুযায়ী, শহিদুল ইসলাম ওই ক্রেডিট কার্ড ব্যবহার করে পূবালী ব্যাংক পিএলসির বিভিন্ন এটিএম ও সিআরএম বুথ থেকে এনপিএসবি (NPSB) নেটওয়ার্কের মাধ্যমে পাঁচটি হিসাবসহ বিভিন্ন ব্যাংকের হিসাবে ধারাবাহিকভাবে অর্থ স্থানান্তর করেন। শুরুতে প্রতিটি লেনদেনে এক লাখ টাকার কম অর্থ স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে কার্ডের অনুমোদিত সীমা লঙ্ঘন করে প্রতিবার আড়াই লাখ টাকা পর্যন্ত স্থানান্তর করা হয়। এভাবে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), সাইবার ক্রাইম বিশেষজ্ঞ মো. মনিরুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান এবং ডিবি পুলিশের ইনচার্জ মো. হাসিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।

পুলিশ জানায়, সদর মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা বগুড়া সদরের বিভিন্ন স্থানে টানা ৩৬ ঘণ্টা অভিযান পরিচালনা করেন। অভিযানে মূল অভিযুক্ত শহিদুল ইসলামকে (রিপন) এবং তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারির ভেতর রাখা একটি ব্যাগ থেকে আত্মসাৎকৃত নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই জালিয়াতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আত্মসাৎ করা অর্থের মধ্যে প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনার তথ্য পাওয়া গেছে এবং তারা বিলাসী জীবনযাপন করতেন বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি কিংবা সংশ্লিষ্ট ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।