এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের মেঘনা ও ফুলদী নদীসংলগ্ন এলাকায় নদী, খাল ও তিন ফসলি কৃষিজমি ভরাট করে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ‘থ্রি অ্যাঙ্গেল মেরিন’-এর কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসনের বক্তব্য জানতে গিয়ে চরম বিড়ম্বনার শিকার হয়েছেন স্থানীয় তিন গণমাধ্যমকর্মী। প্রায় দুই ঘণ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অপেক্ষা করিয়ে রাখার পরও কোনো বক্তব্য না দিয়ে সাংবাদিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন—বেসরকারি টেলিভিশন আরটিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ এবং বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন।
সাংবাদিকদের সূত্রে জানা যায়, থ্রি অ্যাঙ্গেল মেরিন নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি খাসজমি, খাল, নদী ও স্থানীয়দের ব্যক্তিপর্যায়ের ফসলি জমি দখল করে স্থাপনা নির্মাণের দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। জনস্বার্থসংশ্লিষ্ট এই বিষয়ে জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর বক্তব্য নিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর কার্যালয়ে যান ওই তিন সাংবাদিক। সেখানে গিয়ে তাঁরা জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার উম্মে নাজনীন নিশাতের কাছে ভিজিটিং কার্ড দেন এবং সাক্ষাতের উদ্দেশ্য জানান। এর পর থেকেই তাঁদের অপেক্ষা করতে বলা হয়। পরবর্তীতে একাধিকবার আলোচনার বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হলেও দীর্ঘ দুই ঘণ্টা বসিয়ে রেখে শেষ পর্যন্ত কোনো বক্তব্য ছাড়াই তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।
আরটিভির প্রতিনিধি হামিদুল ইসলাম লিংকন ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রায় তিন মাস আগেও একই বিষয়ে বক্তব্য চাইতে গেলে জেলা প্রশাসক দুই দিনের সময় নিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো সাড়া দেননি। আজ সরাসরি কার্যালয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তিনি বক্তব্য দেননি।”
তিনি আরও জানান, সাংবাদিকদের দীর্ঘ অপেক্ষার পর বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জেলা প্রশাসকের ব্যস্ততার কথা উল্লেখ করে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান।
বাংলা এডিশনের জেলা প্রতিনিধি নাছির উদ্দিন বলেন, “একটি গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানী প্রতিবেদনে জেলা প্রশাসনের বক্তব্য নেওয়া আবশ্যক ছিল। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে বক্তব্য না দেওয়ায় আমাদের পেশাগত কাজে চরম ব্যাঘাত ঘটেছে। আমরা তথ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে।”
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আবু সাঈদ সৌরভ বলেন, “জেলার নানা অনিয়ম ও উন্নয়নমূলক বিষয় নিয়ে বক্তব্য চাইতে গেলে প্রায়ই জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অসহযোগিতামূলক আচরণ পাওয়া যায়। এমনকি একাধিকবার ফোন করলেও জেলা প্রশাসকের সাড়া মেলে না। জনস্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে প্রশাসনের সহযোগিতাপূর্ণ মনোভাব থাকা অত্যন্ত জরুরি।”
এ বিষয়ে জানতে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করেন। তিনি জানান, বিভাগীয় কমিশনার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে রয়েছেন, বিষয়টি তাঁকে অবহিত করা হবে। তবে পরবর্তীতে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলেও বিভাগীয় কমিশনারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অক্টোবর ৪, ২০২৫
আগস্ট ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মুন্সীগঞ্জ | ১১ নভেম্বর, ২০২৬
খুলনা | ১১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।