নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

অনলাইন ডেস্কঃ
৯ নভেম্বর, ২০২৬ ১০:৫২ এএম
শেয়ার করুন:
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠানো এক চিঠির মাধ্যমে তিনি এ আবেদন করেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে দেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশে ফেরার লক্ষ্যে এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ। 

রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যে দেশে ফিরতে চান। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, পাসপোর্ট ও অন্যান্য প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়া সাপেক্ষে তাঁর দেশে ফেরার চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে চিঠি
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক প্রখ্যাত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠান। 

চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ প্রেক্ষাপটে নাগরিক অধিকারের স্বীকৃতি হিসেবে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী অবিলম্বে তাঁর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া  
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালে দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তী সময়ে তাঁর অনুপস্থিতিতে বিচারকাজ ও রাজনৈতিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে দেশে নতুন সমীকরণ তৈরি হয়।

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।