আগৈলঝাড়ায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৭ নভেম্বর, ২০২৬ ১০:৫১ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট এলাকায় আগৈলঝাড়া-গৌরনদী সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশের ভাষ্যমতে, ওই মিছিলকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে শুক্রবার রাতেই সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। পরে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ওলিউল সরদার (৩৫), উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল সরদার (২৩), রাব্বি মৃধা (৩০), গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কারুল সরদার (৪৩), একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সরদার (৩৮) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সরদার (৬০) ও মো. রাজিব সরদার (৩০)।

একটি গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, গ্রেপ্তার হওয়া বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওলিউল সরদার নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং হামলার পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এছাড়া স্থানীয়দের অভিযোগ, এলাকায় জমি ও বাড়ি দখলসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওলিউল সরদার গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয়দের মাঝে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে। 

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, আগৈলঝাড়া-গৌরনদী সড়কে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। ওই মামলায় সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।