রাজশাহী বোর্ডের ৩৯ কলেজে পাস করেনি কেউ

অনলাইন ডেস্কঃ
৩১ অক্টোবর, ২০২৬ ৬:৪২ পিএম
শেয়ার করুন:
রাজশাহী বোর্ডের ৩৯ কলেজে পাস করেনি কেউ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব কলেজের পাসের হার শূন্য শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান শিট থেকে এ তথ্য জানা যায়।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের তুলনায় এবার শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৩৯টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর আগের বছর ২০২৫ সালে এমন কলেজ ছিল ৩৫টি। এছাড়া ২০২৪ সালে ১২টি, ২০২৩ সালে ৪টি এবং ২০২২ সালে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯টি।

শূন্য পাসের প্রতিষ্ঠান বাড়ার বিপরীতে শতভাগ পাস করা কলেজের সংখ্যায় দেখা গেছে উল্টো চিত্র। চলতি বছর শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা নেমে এসেছে মাত্র ৯টিতে। গত বছরও এ সংখ্যা ছিল ১৮টি। এর আগের বছরগুলোতে শতভাগ পাসের কলেজের সংখ্যা ছিল—২০২৪ সালে ৩৫টি এবং ২০২৩ সালে ৩৭টি।

এদিকে শূন্য পাসের কলেজের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাজশাহী বোর্ডে সামগ্রিক পাসের হারেও বড় ধরনের ধস নেমেছে। চলতি বছর এ বোর্ডে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ০৬ শতাংশে। আগের বছর ২০২৫ সালে যা ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ পয়েন্ট।

শতভাগ ফেল করা কলেজের সংখ্যা বৃদ্ধি এবং সার্বিক ফলাফলের এই নিম্নগতির কারণে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও পাঠদান পদ্ধতি নিয়ে শিক্ষাবিদ ও অভিভাবকদের মাঝে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।