জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম

অনলাইন ডেস্কঃ
২৫ অক্টোবর, ২০২৬ ৩:০০ পিএম
শেয়ার করুন:
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা এলাকার ৫৪৮ জন মেধাবী ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই কর্মসূচির আওতায় আরও ১ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে জাইমা রহমানের ছবি সংবলিত পানির মগ উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় শিবগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব সাইকেল তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আয়োজকেরা জানান, নারীশিক্ষার প্রসার ঘটানো, বিদ্যালয়ে ছাত্রীদের যাতায়াত সহজ করা এবং পড়াশোনায় তাদের আরও বেশি উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উপহারের ফলে দূরদূরান্ত থেকে আসা ছাত্রীদের যাতায়াতের ভোগান্তি লাঘব হবে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি নিশ্চিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "আজকের ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। মেয়েরা যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে পড়ালেখা চালিয়ে যেতে পারে, সেজন্য পরিবার, সমাজ ও প্রশাসনসহ আমাদের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" পাশাপাশি বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বরাবরই দোয়া মাহফিল, এতিমদের খাবার বিতরণ ও চিকিৎসাসেবামূলক বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে; এবারের উদ্যোগটিও তারই ধারাবাহিকতা।

এদিকে, একই দিন দুপুর ১২টায় শিবগঞ্জের আলিয়ারহাট রোকেয়া-ছাত্তার উচ্চবিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের তথ্যমতে, দুই দিনের এই কর্মসূচিতে প্রায় চার হাজার মানুষকে চক্ষু সেবার আওতায় আনা হয়েছে। এর আগে প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নে দুই হাজার মানুষকে এই সেবা দেওয়া হয়েছিল। নিজ নির্বাচনী এলাকার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পর্যায়ক্রমে বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর সহধর্মিণী মীর লাবনী আকতার, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, তাঁর স্ত্রী মীর ফারিয়া তাবাসসুম এবং প্রতিমন্ত্রীর মেয়ে মীর সামারা সুনাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠান শেষে ব্যারিস্টার জাইমা রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।