এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কামালমোড়া এলাকা থেকে ৫ হাজার ৭৬০ পিস ডিসপ্লে উদ্ধার করে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন মুকুন্দপুর বিওপির একটি টহলদল।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুকুন্দপুর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারতের দিক থেকে ১৫ থেকে ২০ জন চোরাকারবারি মাথায় কার্টন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। টহলদল তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা কার্টনগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো কার্টন তল্লাশি করে ৫ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এরই ধারাবাহিকতায় চলতি নভেম্বর মাসে ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৭১ কেজি গাঁজা, ১০১ বোতল ইস্কফ, ৮১ বোতল বিদেশি মদ এবং ৮৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে। এ ছাড়া গত এক বছরে (নভেম্বর ২০২৫ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত) প্রায় ১০৭ কোটি টাকার অন্যান্য চোরাচালানি মালামালসহ সর্বমোট ১১২ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ৫৭১ টাকা মূল্যের মাদক ও অবৈধ পণ্য আটক করতে সক্ষম হয়েছে ২৫ বিজিবি। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৪ জন আসামিকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রায় ৫০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ বিজিবি দায়িত্ব পালন করছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশনা—‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের মাদক পাচার ও চোরাচালান রোধে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ২১ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২১ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।