উচ্চশিক্ষার মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন অর্জনে খুকৃবিতে কর্মশালা

নাজমুস সাকিব, ক্যাম্পাস প্রতিনিধি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৭:২৩ পিএম
শেয়ার করুন:
উচ্চশিক্ষার মানোন্নয়ন ও অ্যাক্রেডিটেশন অর্জনে খুকৃবিতে কর্মশালা

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা বাড়ানো এবং দক্ষ ও বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা অ্যাক্রেডিটেশন অর্জনের পথে এগিয়ে যাচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। শিক্ষা ও গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বিশ্ববিদ্যালয়টিতে ‘উচ্চশিক্ষাব্যবস্থায় অ্যাক্রেডিটেশন অর্জনের পথ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)।

আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. এম. এ. হান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। 

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি সনদ অর্জনের প্রক্রিয়া নয়; বরং কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠ্যক্রম, গবেষণা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সামগ্রিক একাডেমিক পরিবেশের মান যাচাইয়ের পাশাপাশি ধারাবাহিক উন্নয়নের একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রকৃত মান নিরূপণ এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, অ্যাক্রেডিটেশন অর্জনের মাধ্যমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার গুণগত মানে বিশ্বের স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বপরিসরে পরিচিত ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। সেখানে কৃষিশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে খুকৃবিকে একটি বিশ্বস্বীকৃত উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি উদ্ভাবনী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন কৃষি নেতৃত্ব তৈরি, শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা ও উদ্যোক্তা মনোভাবের বিকাশ এবং মানসম্মত একাডেমিক সহায়তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় বক্তারা বলেন, দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও সুযোগ-সুবিধা বাড়লেও শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি-৪) আলোকে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁরা আরও বলেন, অ্যাক্রেডিটেশন কোনো এককালীন অর্জন নয়; এটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, জবাবদিহি ও শিক্ষার মানোন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ জন্য শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন, গবেষণার পরিবেশ উন্নয়ন, দক্ষ জনবল তৈরি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনতে হবে।

বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি, শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে অ্যাক্রেডিটেশন অর্জনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, এ প্রক্রিয়ার মধ্য দিয়ে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।