শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত সাভার-আশুলিয়া, সড়ক অবরোধ

অনলাইন ডেস্কঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৪:১৮ পিএম
শেয়ার করুন:
শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত সাভার-আশুলিয়া, সড়ক অবরোধ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ-সংক্রান্ত বোর্ড সভা স্থগিত হওয়ার খবরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকদের কর্মবিরতি, সড়ক ও মহাসড়ক অবরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় এলাকাগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কিছুক্ষণের মধ্যেই কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাগবাড়ি এলাকায় স্টারলিং গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপের সামস স্টাইলিং এবং দি সিভিল ইঞ্জিনিয়ার্সসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন। এ সময় তাঁরা সড়কে টায়ার ও বর্জ্য ফেলে আগুন ধরিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। 

একই সময়ে আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া হেমায়েতপুরের আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।

এদিকে বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া ও রাজফুলবাড়ী এলাকায় একেএইচসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সার্বিক বিষয়ে শিল্প পুলিশের পরিদর্শক তাইবুর রহমান জানান, সকালে শ্রমিকেরা সড়কে নেমে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।