পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৫:৫৪ পিএম
শেয়ার করুন:
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ; তাই আগামীর কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। এ সময় প্রধানমন্ত্রী শিশুদের চকলেট উপহার দেন এবং শিক্ষার্থীরা তাঁকে তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানায়।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারাই জাতির ভবিষ্যৎ; তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে। সরকার চায়, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার আগেই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠুক।

সহশিক্ষা কার্যক্রম ও কর্মমুখী শিক্ষার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং খেলার মাঠ তৈরিতে সরকার কাজ করছে। পাশাপাশি ভবিষ্যৎ কর্মক্ষেত্রে বাড়তি সুবিধা নিশ্চিত করতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখা এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় আচরণ করা এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।