মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’

অনলাইন ডেস্কঃ
১৪ নভেম্বর, ২০২৬ ২:৫৫ পিএম
শেয়ার করুন:
মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে এই হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভারতের কুখ্যাত গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’-এর পরিচয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে দাবি এই সংসদ সদস্যের।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন অভিযোগ করেন মাহমুদা মিতু। পোস্টের সঙ্গে তিনি হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেন। স্ক্রিনশটগুলোতে একটি ভারতীয় নম্বর থেকে ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয়ে পাঠানো হুমকির বার্তা দেখা গেছে।

একই ফেসবুক পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেন মাহমুদা মিতু। তিনি লেখেন, “গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাঁদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি ও ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।”

সংসদে জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদকে উদ্দেশ করে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলা হচ্ছিল উল্লেখ করে তিনি আরও লেখেন, “হান্নানকে যখন বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম—হত্যার হুমকি ও বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!”

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিতু জানান, গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন; এর আগেও এমন হুমকি পেয়েছেন। তবে এসব বিষয় সামনে আনলেও ‘নুসরাতের ঘটনার মতোই’ বিষয়টিকে লঘু করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে শহীদ ওসমান হাদির একটি বক্তব্য স্মরণ করে মিতু লেখেন, “হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!”

উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই ভারতের একজন কুখ্যাত গ্যাংস্টার। বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দেওয়া এবং পাঞ্জাবি সংগীতশিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যার পরিকল্পনার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। হত্যা ও চাঁদাবাজিসহ তাঁর বিরুদ্ধে প্রায় দুই ডজন ফৌজদারি মামলা রয়েছে। জানা যায়, তাঁর গ্যাংয়ের সঙ্গে ৭০০-এর বেশি শুটার যুক্ত আছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।