এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ (রূপান্তরমূলক নেতৃত্ব) হিসেবে মূল্যায়ন করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) চলাকালে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হয়েছে। প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের দেশে তাঁর রূপান্তরমূলক ভূমিকা ও গণতান্ত্রিক ম্যান্ডেটকে বিশ্বমঞ্চে অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেন। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
চীন ও উজবেকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
চীন: চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বিদ্যুৎ-জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, ভারী শিল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়। এ ছাড়া বাংলাদেশ-চীন-মিয়ানমার আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টায় চীনের সহযোগিতা চাওয়া হয়েছে।
উজবেকিস্তান: উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালু এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উজবেক প্রেসিডেন্টের বাংলাদেশ সফর ও আমন্ত্রণের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আগামী বছর দেশটি সফরের ইতিবাচক বার্তা দেন।
বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
সম্মেলনের ফাঁকে ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট; মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী; ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দ্বিপক্ষীয় সম্পর্ক: প্রধানমন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টও দ্রুত বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, সিরিয়ার পুনর্গঠন ও কর্মসংস্থানে বাংলাদেশের দক্ষ জনশক্তি ও বিনিয়োগ চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতি: পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ওআইসি মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব এবং লন্ডনের মেয়রের সঙ্গে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়।
এরদোয়ানের সঙ্গে বৈঠক ও মুসলিম বিশ্বের শান্তি
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা ও শান্তিরক্ষী বাহিনীর ভূমিকাকে কাজে লাগানোর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় মুসলিম উম্মাহর কল্যাণে যেকোনো শান্তিপ্রক্রিয়ায় বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখতে প্রস্তুত।
ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণ ও পরবর্তী কর্মসূচি
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান কপ-৩১-এর সাইড ইভেন্টে 'জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা' সংক্রান্ত একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের জন্য বাংলাদেশের নীতিগত উদ্যোগ ও আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সম্মেলনের পরবর্তী দিনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকারসমূহ বিশ্বমঞ্চে তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও উপ-প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ নভেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১২ নভেম্বর, ২০২৬
ফুটবল | ১২ নভেম্বর, ২০২৬
রাজধানী | ১২ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।