এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে এক বৃদ্ধের বিরুদ্ধে ‘সাজানো’ ধর্ষণচেষ্টার অভিযোগ তুলে তাঁর বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় থাকা ৭৫ বছর বয়সী বৃদ্ধ হাবিবুর রহমান ওরফে হাবুল শিকদার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যচর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান শিকদারের সাথে প্রতিবেশী কামাল মালের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে হাবুল শিকদার বাদী হয়ে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যান মুরাদ সরদার বিষয়টি নিয়ে কয়েক দফা সালিশ-বৈঠক করলেও জমির কাগজপত্র অনুযায়ী সমাধান না মেনে কামাল মাল সালিশের রায় প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে আদালতে চলমান মামলার রায় নিজের বিপক্ষে যাওয়ার আশঙ্কা থেকে কামাল মাল ও তাঁর অনুসারীরা হাবুল শিকদারকে সামাজিক ও আইনগতভাবে ফাঁসাতে ষড়যন্ত্র শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, কামাল মালের পরিবারের কাউকে সরাসরি সম্পৃক্ত না করে তাঁর স্ত্রীর ভাতিজা ইমরানের মেয়েকে দিয়ে গত ২ অক্টোবর হাবুল শিকদারের বিরুদ্ধে একটি মিথ্যা ধর্ষণচেষ্টার নাটক সাজানো হয়। থানা বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত না করেই সম্মানহানির উদ্দেশ্যে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করা হয়। পরবর্তীতে ওই অভিযোগে যাদের প্রত্যক্ষদর্শী সাক্ষী করা হয়েছে, অনুসন্ধানে তাঁদের ঘটনাস্থলে অনুপস্থিত থাকার প্রমাণ মিলেছে বলেও দাবি পরিবারের।
এদিকে ওই মিথ্যা অভিযোগের রেশ ধরে গত ৫ অক্টোবর বিকেলে অর্ধশতাধিক লোকের একটি সংঘবদ্ধ দল হাবুল শিকদারের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে বসতঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও প্রতিপক্ষের ক্রমাগত হুমকি-ধমকিতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে।
এমন পরিস্থিতিতে গত ৭ নভেম্বর বৃদ্ধ হাবিবুর রহমান ওরফে হাবুল শিকদার প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি বরাবর পৃথক লিখিত আবেদন জানান। আবেদনে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, পরিবারের নিরাপত্তা বিধান এবং প্রয়োজনে মামলাগুলোর অধিকতর তদন্ত সিআইডি অথবা পিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবি জানান।
স্থানীয় সচেতন মহলের মতে, জমি সংক্রান্ত একটি বিরোধে স্থানীয় রাজনীতি ও প্রভাবশালীদের পক্ষপাতমূলক আচরণের কারণে পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। একটি ঘটনাকে কেন্দ্র করে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কার্যকর সমাধান না এলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী হাবিবুর রহমান হাবুল শিকদার বলেন, “আমার জায়গা-জমি আত্মসাৎ করতেই কামাল মাল আত্মীয়স্বজন দিয়ে আমার ওপর ধর্ষণচেষ্টার জঘন্য অপবাদ দিয়েছে। এরপর আমার ভিটেমাটি জ্বালিয়ে দিয়ে আমাকে নিঃস্ব করেছে। আমি মিথ্যা অপবাদ থেকে মুক্তি চাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার দাবি করছি।”
অন্যদিকে ধর্ষণচেষ্টা মামলার বাদী মারিয়া জানান, কামাল মাল তাঁদের আত্মীয় হলেও হাবুল শিকদারের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য। তাঁর দাবি, ঘটনাটি শুনে ক্ষুব্ধ এলাকাবাসী হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এবং পরে স্থানীয়দের পরামর্শে তাঁরা থানায় মামলা করেছেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় উভয় পক্ষের দুটি পৃথক মামলা রুজু হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অন্য কোনো তদন্ত সংস্থা দায়িত্ব নিয়ে সহায়তা চাইলে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।”
অক্টোবর ১৬, ২০২৫
অক্টোবর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাদারীপুর | ১০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১০ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১০ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১০ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।