নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ৩:৫৭ পিএম
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং একজনকে ভেন্টিলেটর সাপোর্টে (লাইফ সাপোর্ট) চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

ডা. পাপন জানান, ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের পর পর্যায়ক্রমে মোট ৭৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

গুরুতর অসুস্থ রোগীদের শারীরিক উপসর্গ সম্পর্কে তিনি বলেন, ধোঁয়ায় আক্রান্ত কয়েকজনের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এ ছাড়া তীব্র শ্বাসকষ্ট, পেটব্যথা, চোখে জ্বালাপোড়া ও প্রচণ্ড মাথাব্যথার মতো লক্ষণ দেখা দিয়েছে। আগুনের তাপে কয়েকজনের চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসক দলে চক্ষু বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে। 

শ্বাসতন্ত্রের ঝুঁকির কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত পরিচালক বলেন, “আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় রোগীদের শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা রক্তে অক্সিজেন সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করছে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে প্রথম ৭২ ঘণ্টা অত্যন্ত সংকটাপন্ন। এই সময় পার না হওয়া পর্যন্ত কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।”

তিনি আরও জানান, সংকটাপন্ন এক রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা ও ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও একটি মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

ডা. রবিউল করিম জানান, রোগীদের মধ্যে কয়েকজন অগ্নিকাণ্ডের তীব্র আতঙ্কে (প্যানিক অ্যাটাক) অসুস্থ হয়ে পড়েছিলেন। তারা বর্তমানে অনেকটাই শঙ্কামুক্ত। শারীরিক অবস্থা বিবেচনা করে যাদের বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব, তাদের পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে।

ব্রিফিংকালে বার্ন ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।