নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১০ নভেম্বর, ২০২৬ ১১:১৪ এএম
শেয়ার করুন:
নেছারাবাদে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় দৈহারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুদর্শন মন্ডল ওই ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের (৮ নম্বর ওয়ার্ড) বিপদ রঞ্জন মন্ডলের ছেলে। গ্রেপ্তারের পরপরই বিকেলে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার সংলগ্ন এলাকায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি সুদর্শন মন্ডল। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এদিকে দলীয় পদের পাশাপাশি সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে 'কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার' (সিএইচসিপি) হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আসাদুজ্জামান।

তবে সুদর্শন মন্ডলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তার ভাই সুব্রত মন্ডল। তিনি দাবি করেন, “রাজনৈতিক বিরোধের জেরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার ভাইকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। সে সম্পূর্ণ নির্দোষ।”

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, “রাজনৈতিক সহিংসতার একটি মামলায় সুদর্শন মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর সোমবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।