মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৮ নভেম্বর, ২০২৬ ৮:২১ পিএম
শেয়ার করুন:
মথুরাপুরে চেয়ারম্যান প্রার্থী ফরজ উল্লাহর পক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ২নং মথুরাপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরজ উল্লাহর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) আয়োজিত এই শোডাউনে প্রায় ৪৩৫টি মোটরসাইকেল অংশ নেয়। বিপুলসংখ্যক মোটরসাইকেলের উপস্থিতিতে পুরো মথুরাপুর ইউনিয়নজুড়ে এক উৎসবমুখর ও নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মথুরাপুর হাইস্কুল বাজার প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়। এরপর কয়েক শত মোটরসাইকেলের দীর্ঘ বহর নিয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন অংশগ্রহণকারীরা। বহরটি বিভিন্ন এলাকায় পৌঁছালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দাদেরও হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়। 

শোডাউনে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মোটরসাইকেলের দীর্ঘ সারি পুরো ইউনিয়নজুড়ে প্রচারণায় এক নতুন মাত্রা যোগ করে।

সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং নিবিড় জনসম্পৃক্ততার কারণেই মোঃ ফরজ উল্লাহর পক্ষে এলাকায় ব্যাপক গণজোয়ার তৈরি হয়েছে। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি মাঠপর্যায়ে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করতে নানা সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সমর্থকদের বিশ্বাস, চার শতাধিক মোটরসাইকেলের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দলীয় নীতিনির্ধারকদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। 

উল্লেখ্য, মথুরাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ক্রমেই বাড়ছে। তবে মোঃ ফরজ উল্লাহর সমর্থনে আয়োজিত এই সুবিশাল মোটরসাইকেল শোডাউন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।