সদরপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৮ নভেম্বর, ২০২৬ ৪:৩৮ পিএম
শেয়ার করুন:
সদরপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। 

পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদুর হাসান এবং উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুল হাসান। 

আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন সদরপুর ইউনিয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান এবং সদরপুর বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। 

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে সমবায় অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় এবং উৎপাদনমুখী কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার কোনো বিকল্প নেই। সমবায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মনির্ভরশীল সমাজ গঠনের আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী, সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিশেষে সভাপতির দিকনির্দেশনামূলক বক্তব্য ও সমাপনী ঘোষণার মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।