ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৮ নভেম্বর, ২০২৬ ৪:১৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে মক্তব শিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১০ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৬) নামের এক মক্তব শিক্ষককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা গ্রামের বাসিন্দা। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের একটি মসজিদে ইমামতির পাশাপাশি স্থানীয় শিশুদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিতেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টির কারণে মসজিদের মাইকে মক্তবের শিশুদের ডাকার ঘোষণা দেওয়া হয়নি। তবে ভুক্তভোগী শিশুটি পড়তে মসজিদে গেলে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন আরিফুল ইসলাম। এ সময় শিশুটি কৌশলে দরজা খুলে পালিয়ে বাড়িতে যায় এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা মসজিদে গিয়ে আরিফুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন। 

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ নভেম্বর তদন্ত কর্মকর্তা ও নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি আদালতে দোষ স্বীকার করেছেন এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। 

রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে পিপি বলেন, "শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার মতো একটি পবিত্র দায়িত্বে থেকে এমন জঘন্য অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই রায়ের মাধ্যমে সমাজে একটি দৃষ্টান্তমূলক বার্তা পৌঁছাবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।