কিউএস এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগিয়েছে নোবিপ্রবি

মেহেদী হাসান ইমন, নোবিপ্রবি প্রতিনিধিঃ
৪ নভেম্বর, ২০২৬ ৯:১০ পিএম
শেয়ার করুন:
কিউএস এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ৫০ ধাপ এগিয়েছে নোবিপ্রবি

বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা মূল্যায়ন ও গবেষণাপ্রতিষ্ঠান ‘কোয়াকোয়ারেলি সাইমন্ডস’ (কিউএস) প্রকাশিত ‘এশিয়া বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং ২০২৭’-এ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আন্তর্জাতিক এই তালিকায় আগের চেয়ে ৫০ ধাপ উন্নতি করে ৮০১–৮৫০তম ব্যান্ডের মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। পূর্ববর্তী সংস্করণে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ৮৫১–৯০০তম ব্যান্ডের মধ্যে।

গত মঙ্গলবার প্রকাশিত এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২০টিরও বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৫২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক তালিকায় নোবিপ্রবির অবস্থান যৌথভাবে ২৬তম। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় বিশ্ববিদ্যালয়টি ২৪৭তম এবং দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। বরাবরের মতোই দেশীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গবেষণা ও উদ্ভাবনে জোরালো অগ্রগতি:  
কিউএসের বিভিন্ন পারফরম্যান্স সূচক পর্যালোচনা করে দেখা গেছে, নোবিপ্রবির এই অগ্রগতির মূলে রয়েছে গবেষণা ও উদ্ভাবন খাতের উল্লেখযোগ্য সাফল্য। বিশেষ করে ‘প্রতি গবেষণাপত্র উদ্ধৃতি’ (Citations per Paper) ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটি ১০০-এর মধ্যে সর্বোচ্চ ৮৪.৫ নম্বর পেয়ে এশিয়ায় ১৭৫তম স্থান অর্জন করেছে। পাশাপাশি ‘আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক’ (International Research Network) সূচকে ৭৩.২ নম্বর নিয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান এশিয়ায় ৩৭৬তম।

তবে অন্যান্য কিছু সূচকে প্রতিষ্ঠানটির আরও উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এগুলোর মধ্যে শিক্ষকপ্রতি গবেষণাপত্রে স্কোর ২৪.৮, পিএইচডিধারী শিক্ষকে ১২.৭, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ১০.৫ এবং একাডেমিক সুনামে ৮.৩। এ ছাড়া নিয়োগকর্তাদের মূল্যায়নে ৪.৬, শিক্ষার্থী বিনিময়ে (বিদেশগামী) ৩.৮, আন্তর্জাতিক শিক্ষার্থীতে ১.২, আন্তর্জাতিক শিক্ষকে ১.০ এবং বিদেশি শিক্ষার্থী বিনিময়ে ১.০ নম্বর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

কর্তৃপক্ষের প্রতিক্রিয়া:  
বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে সন্তোষ প্রকাশ করে র‍্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহাদ হোসেন বলেন, “আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ের প্রতিযোগিতায় টেকসই অবস্থান নিশ্চিত করতে হলে আমাদের যুগোপযোগী ও উদ্ভাবনী পদক্ষেপ আরও বাড়াতে হবে। একই সঙ্গে র‍্যাঙ্কিং সেলকে কার্যকর করার পাশাপাশি একাডেমিক সুনাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আকর্ষণ করা জরুরি। ৫০ ধাপের এই অগ্রগতি ভবিষ্যৎ যাত্রায় আমাদের বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “বৈশ্বিক এই স্বীকৃতি পুরো নোবিপ্রবি পরিবারের সম্মিলিত শ্রম ও একাগ্রতার ফসল। শিক্ষার মানোন্নয়ন এবং বিশ্বমানের গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টিতে আমরা অঙ্গীকারবদ্ধ। বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ভবিষ্যতে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাতে এই সাফল্য আমাদের উৎসাহিত করবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।