ফের চীন মৈত্রী সিগন্যাল অবরোধ ক‌রে‌ছেন শেকৃবির শিক্ষার্থীরা

অনলাইন ডেস্কঃ
৪ নভেম্বর, ২০২৬ ৪:০৯ পিএম
শেয়ার করুন:
ফের চীন মৈত্রী সিগন্যাল অবরোধ ক‌রে‌ছেন শেকৃবির শিক্ষার্থীরা

পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে রাজধানীর চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা করায় সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চীন মৈত্রী সিগন্যালে গিয়ে পৌঁছালে সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ কর্মসূচির পাশাপাশি এদিন শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণাও দেওয়া হয়।

অনির্দিষ্টকালের শাটডাউন ও ক্লাস-পরীক্ষা বর্জন:
এর আগে মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের এক মতবিনিময় সভায় সব পর্যায়ের পরীক্ষা এবং বেলা ১১টার পর থেকে ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বিভিন্ন ব্যাচের আন্দোলনরত শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন। শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত হয়ে পড়ে।

আন্দোলনের প্রেক্ষাপট: 
পুরোনো বাণিজ্য মেলার মাঠটিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি ও গবেষণার মাঠ দাবি করে তা স্থায়ীভাবে হস্তান্তরের জন্য গত ২৭ অক্টোবর থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই দিন মাঠটিতে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে আনা মাটি পরীক্ষার বিভিন্ন যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে ক্যাম্পাসে নিয়ে আসেন তারা।

পরদিন মাঠের মেলা বন্ধের আলটিমেটাম দেওয়া হয় এবং একপর্যায়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে মাঠটিতে প্রস্তাবিত জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিত ঘোষণা করা হয়। 

তবে মাঠের অস্থায়ী স্থাপনা পুরোপুরি অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে আন্দোলন আরও জোরালো হয়। এর ধারাবাহিকতায় গত ২ নভেম্বর মাঠটি লাঙল দিয়ে চাষ করে প্রতীকীভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।