রাজধানীতে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
২০ অক্টোবর, ২০২৬ ১:০৩ পিএম
শেয়ার করুন:
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শাহবাজ পাকিস্তানের মুলতান জেলার জালালপুর এলাকার নাজির আহমেদের ছেলে। পেশায় ব্যবসায়ী শাহবাজ ঢাকার দক্ষিণ বনশ্রীর ‘এফ’ ব্লকের ৯/৫ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসায় বসবাস করতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ওই বাসার একটি কক্ষে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ভবনের নিরাপত্তারক্ষী (দারোয়ান)। বিষয়টি তিনি পুলিশকে জানালে খিলগাঁও থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে শাহবাজের ঝুলন্ত দেহ উদ্ধার করে। 

এরপর দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জুবায়ের আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। 

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।