লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জলঢাকায় জামায়াতের বিক্ষোভ

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা প্রতিনিধি, নীলফামারীঃ
২৯ অক্টোবর, ২০২৬ ১১:১৬ এএম
শেয়ার করুন:
লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জলঢাকায় জামায়াতের বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের ‘লগি-বৈঠার তাণ্ডব’ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার বিকেলে উপজেলা জামায়াতের আল-ফালাহ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মান আল হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, সহকারী সেক্রেটারি মুজাহিদ মাসুম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠার নারকীয় তাণ্ডব চালিয়ে দেশে যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ইতিহাসের এক কালো অধ্যায়। বক্তারা তৎকালীন সেই হত্যাকাণ্ডে জড়িতদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। 

নেতৃবৃন্দ আরও বলেন, বৈষম্যহীন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হলে আওয়ামী দুঃশাসনের সময়ের লগি-বৈঠার নৃশংসতাসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে এসব হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।