নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ ও কিশোরীদের মাঝে চেক বিতরণ

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৯:২৭ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সমাবেশ ও কিশোরীদের মাঝে চেক বিতরণ

‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি—করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও কিশোরীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কিশোরীদের মাঝে সঞ্চয়ী চেক ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মাটিভাংগা ইউনিয়নের হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প’-এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিআরডিবির উপপরিচালক মোঃ নাজমুল আনোয়ার। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাবিব, নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম, একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ। এটি প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, বরং অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” তিনি কিশোরীদের পড়াশোনা অব্যাহত রাখা, অল্প বয়সে বিয়ে বন্ধ করা এবং নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, কিশোরীদের সুশিক্ষায় শিক্ষিত ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে। সরকারি সহায়তার মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলে তাদের ভবিষ্যৎ নিরাপদ করার আহ্বান জানান তারা। 

সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।