বালিয়াকান্দিতে মাদক কারবারি অপুর ‘সাজানো’ পাল্টা মানববন্ধন

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
২৬ অক্টোবর, ২০২৬ ৯:৪২ পিএম
শেয়ার করুন:
বালিয়াকান্দিতে মাদক কারবারি অপুর ‘সাজানো’ পাল্টা মানববন্ধন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদক কারবারি হিসেবে অভিযুক্ত অপু ভূঁইয়ার অপকর্মের কলঙ্ক ঢাকতে একটি ‘সাজানো’ পাল্টা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদের পেছনে বহরপুর ইউনিয়নের চর-ফরিদপুর গ্রামের গুটিকয়েক লোকজনকে নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অপুর পক্ষের বক্তারা দাবি করেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থ হাসিল ও হীন রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের কথিত নেতা অপুর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। তাকে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। অপুর সমর্থনে বক্তব্য রাখেন আফরোজা বেগম, লিটন শেখ, কামরুল শেখ, মঞ্জিলা খাতুন, সোহেল শেখ ও উর্মি মৃধা প্রমুখ।

তবে অপুর এমন দাবির মুখে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তুহিনুর রহমান তুহিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অপু ভূঁইয়া স্বেচ্ছাসেবক দলের কোনো স্তরের পদ-পদবীতে নেই। তিনি মুঠোফোনে জানান, “অপু স্বেচ্ছাসেবক দলের কেউ নন। সাধারণ ভোটাররা দলীয় সহানুভূতিশীল হতে পারেন, কিন্তু তিনি দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন।”

এদিকে, গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) স্থানীয় সচেতন মহলের মাদকবিরোধী মানববন্ধন চলাকালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ বালিয়াকান্দি থানা পুলিশকে অভিযুক্ত মাদক সম্রাট অপুকে অবিলম্বে আইনের আওতায় আনার কড়া নির্দেশ প্রদান করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের সামনে চর-ফরিদপুর এলাকার সচেতন মহলের ব্যানারে মাদক কারবারি অপু ভূঁইয়া এবং তার সহযোগী আরিফুলের শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, তরুণ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। 

সেই মানববন্ধনে চরফরিদপুর মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বলেছিলেন, “আমাদের এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে হবে। যুবসমাজকে বাঁচাতে মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া যাবে না।” বিশিষ্ট ব্যক্তিত্ব হাজী মোঃ সাদেক আলী বলেন, “মাদক ও সন্ত্রাসীদের কোনো দল নেই, তারা সমাজের শত্রু। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।” এছাড়া জিকাত শেখ ও সাজ্জাদ শেখসহ স্থানীয় বিশিষ্টজনেরা এই চক্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় চর-ফরিদপুর এলাকায় মমিন নামের এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে সচেতন জনতা। ওই ঘটনার পর থেকেই এলাকার মূল মাদক চক্রের হোতাদের গ্রেপ্তার ও স্থায়ী সমাধানের দাবিতে ফুঁসে ওঠে এলাকাবাসী। সেই ধারাবাহিকতায় অপুর বিরুদ্ধে জনরোষ তৈরি হলে তিনি নিজেকে বাঁচাতে এই পাল্টা মানববন্ধনের আশ্রয় নেন বলে স্থানীয়দের অভিযোগ।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।