তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্ষেপ

অনলাইন ডেস্কঃ
৭ অক্টোবর, ২০২৬ ২:৪৩ পিএম
শেয়ার করুন:
তাসরিফের ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান ভাইরাল, শুরু হলো আইনি পদক্ষেপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে কণ্ঠ নকল এবং কনসার্টের ভিডিও জুড়ে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত গান তৈরির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাসরিফ খান। অনুমতি ছাড়া ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

তাসরিফ খানের অভিযোগ, কোনো ধরনের অনুমতি ছাড়াই তার কনসার্টের ভিডিও ফুটেজের সঙ্গে এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি গান জুড়ে দেওয়া হয়েছে। এটি নিছক বিনোদনের উদ্দেশ্যে নয়, বরং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও বিভ্রান্ত করার লক্ষ্যেই পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে।

বিষয়টি নিয়ে তাসরিফ খান বলেন, “আমি ৯৯ দশমিক ৯৯ শতাংশ নিশ্চিত যে গানটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। এটি কারও প্রকৃত কম্পোজিশন হতেই পারে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কনসার্টের ফুটেজ সংগ্রহ করে কৃত্রিম এই অডিওর সঙ্গে যুক্ত করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।”

ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনাও দেখছেন এই শিল্পী। তাসরিফের দাবি, গানটিতে সরকারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের পাশাপাশি তার ছবি ও ভিডিও ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, “আমার মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। এতে যেমন সরকারকে বিতর্কিত করার চেষ্টা রয়েছে, তেমনি আমার ছবি ও ভিডিও ব্যবহারের মাধ্যমে আমাকেও অযথা একটি বিতর্কের মধ্যে জড়ানো হচ্ছে।”

শিল্পী জানান, শুরুতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চিন্তা করেছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিজস্ব কনটেন্ট রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে এটি সরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শতাধিক ফেসবুক পেজ ও প্ল্যাটফর্মে ভিডিওটি ছড়িয়ে পড়ায় সাধারণ নিয়মে এটি ঠেকানো সম্ভব হচ্ছে না। 

এ কারণে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটির প্রচার বন্ধ করতে এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হচ্ছেন তিনি। খুব শিগগিরই সাধারণ ডায়েরি (জিডি) করার পাশাপাশি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাসরিফ খান।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনুমতি ছাড়াই এআই প্রযুক্তি ব্যবহার করে বিশিষ্ট ব্যক্তি ও শিল্পীদের কণ্ঠ, ছবি কিংবা ভিডিও বিকৃত করার অপতৎপরতা উদ্বেগজনকভাবে বাড়ছে। সেই তালিকায় এবার যুক্ত হলো তাসরিফ খানের সাইবার হেনস্তার এই ঘটনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।