দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষির টেকসই উন্নয়নে খুকৃবিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

নাজমুস সাকিব, ক্যাম্পাস প্রতিনিধি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
১৯ নভেম্বর, ২০২৬ ৭:৩৪ পিএম
শেয়ার করুন:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষির টেকসই উন্নয়নে খুকৃবিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে গবেষণা জোরদার, আধুনিক প্রযুক্তি উদ্ভাবন এবং জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবিলা, কৃষির বহুমুখীকরণ, পতিত জমির সর্বোত্তম ব্যবহার এবং কৃষিজাত ও মৎস্যপণ্য রপ্তানি সম্প্রসারণে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়কে (খুকৃবি) দিকনির্দেশনামূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. রাজিবুল করিম।

সাক্ষাৎকালে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সার্বিক কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও কৃষিজমির উর্বরতা হ্রাসের মতো প্রতিকূলতা মোকাবিলায় অঞ্চলভিত্তিক প্রায়োগিক গবেষণা এবং জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে খরিপ-১ মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬৫ হাজার হেক্টর অনাবাদি জমিকে চাষের আওতায় আনার সম্ভাবনা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে লবণাক্ততা সহনশীল সূর্যমুখীসহ অন্যান্য সম্ভাবনাময় ফসলের আবাদ সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দেশের সম্ভাবনাময় চিংড়ি, কাঁকড়া ও সামুদ্রিক মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গবেষণাভিত্তিক উদ্ভাবনের ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি গবেষণাগারের উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত কৃষকের মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনের বিষয়েও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২৭ সালের সুবিধাজনক একটি সময়ে সমাবর্তন আয়োজনের নীতিগত বিষয়ে কথা হয় এবং এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা পরবর্তীতে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হবে বলে জানানো হয়।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন ও অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে শুভকামনা জানান এবং প্রান্তিক কৃষক ও উপকূলীয় জনগোষ্ঠীর ভাগ্যবদলে বিশ্ববিদ্যালয়কে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার রাষ্ট্রপতির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও বেগবান করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি ও জাতীয় অর্থনীতিতে কার্যকর অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।