এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও তা ব্যবহারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়িত একটি বিশেষ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘তহজিংডং’-এর আয়োজনে এবং আন্তর্জাতিক সংস্থা ‘হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের এ সমাপনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প সমন্বয়ক থুইসাচিং মারমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ এবং প্রকল্পের মনিটরিং কর্মকর্তা বোধিপ্রিয় তঞ্চঙ্গ্যাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, “থানচির মতো ভৌগোলিক দিক থেকে দুর্গম পাহাড়ি এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ। যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসচেতনতার অভাবে এখানকার বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এ বাস্তবতায় সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এমন সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখছে।”
অন্যান্য বক্তারা বলেন, মাতৃ ও শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাস, গর্ভকালীন পরিচর্যা, প্রাতিষ্ঠানিক ও নিরাপদ প্রসব, শিশুদের নিয়মিত টিকাদান এবং জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণে স্থানীয় জনগোষ্ঠীকে আরও সচেতন ও উদ্বুদ্ধ করতে হবে। প্রকল্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতেও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় প্রকল্পের বিভিন্ন অর্জন তুলে ধরে কর্মকর্তারা জানান, এ প্রকল্পের আওতায় তীব্র অপুষ্টিতে ভোগা (স্যাম) ৪১ জন এবং মাঝারি অপুষ্টির (ম্যাম) শিকার ১৮৮ জন শিশুকে সেবা প্রদান করা হয়েছে। এছাড়া সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে ‘বোডিং পাড়া’ ও ‘চিচা পাড়া’য় দুটি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে এবং পুষ্টিহীনতায় আক্রান্ত পরিবারের জন্য ৩৮টি স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করে দেওয়া হয়েছে।
সমাপনী এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
জুলাই ৪, ২০২৫
অক্টোবর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বাংলাদেশ | ১৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ নভেম্বর, ২০২৬
খুলনা | ১৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।