দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় মোবাইল উদ্ধার, আটক ১

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১৭ নভেম্বর, ২০২৬ ৭:১০ পিএম
শেয়ার করুন:
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও ভারতীয় মোবাইল উদ্ধার, আটক ১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৭২ হাজার ১৯৯ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে ৪৭ বিজিবির অধীনস্থ ঠোটারপাড়া বিওপির একটি টহল দল মহিষকুন্ডি ঘোনাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মো. লালু (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দৌলতপুর থানার মহিষকুন্ডি ঘোনাপাড়া এলাকার মৃত জান বাক্সের ছেলে। তার কাছ থেকে ভারতীয় ২৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১১ হাজার ৭০০ টাকা।

একই দিনে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ বুড়ির খাল এলাকায় বিজিবির আরেকটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে। জব্দকৃত এসব ফোনের আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা।

এ ছাড়া, পরবর্তীতে মঙ্গলবার (১৭ নভেম্বর) ধলা বিওপির দায়িত্বপূর্ণ ধলার মাঠ এলাকায় পৃথক আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা ও ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।