কাপ্তাইয়ে পৃথক দুটি বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
১৩ নভেম্বর, ২০২৬ ৫:৪৪ পিএম
শেয়ার করুন:
কাপ্তাইয়ে পৃথক দুটি বিহারে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান ‘শুভ কঠিন চীবর দানোৎসব’ পালিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার পৃথক দুটি বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়।

কাপ্তাইয়ের বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯তম এবং লেমুছড়ি বৌদ্ধ বিহারে ৮ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও ১ম মহা পট্ঠান সূত্রপাঠ অনুষ্ঠিত হয়।

বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত চীবর দানোৎসবে প্রধান অতিথি ছিলেন পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গশ্রী মহাথের। অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা, তিমথী খিয়াং এবং মিসেস প্রেমা তালুকদার।

এতে আশীর্বাদক ও ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাঘমারা অপ্রমাদ অরণ্য ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত শাক্যজ্যোতি থের এবং কিলাছড়ি সার্বজনীন বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, সদ্ধর্ম আলোচনা, চীবর দান ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা।

অন্যদিকে, লেমুছড়ি বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে ৮ম শুভ কঠিন চীবর দানোৎসব এবং ১ম মহা পট্ঠান সূত্রপাঠ অনুষ্ঠিত হয়। লেমুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছাইন্দাসারা স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়াইনা মহাথের। প্রধান ধর্মদেশক হিসেবে সদ্ধর্ম দেশনা পেশ করেন ভদন্ত নাইন্দা ওয়াইন্সা মহাথের এবং প্রধান দায়কের দায়িত্ব পালন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা।

উভয় বিহারের অনুষ্ঠানেই বিপুলসংখ্যক পুণ্যার্থীর সমাগম ঘটে। এ সময় ভক্তরা কঠিন চীবর দানের তাৎপর্য ও মাহাত্ম্য শ্রবণ করেন এবং দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।