নগরকান্দায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা সন্দেহে ভাইয়ের অভিযোগ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১৩ নভেম্বর, ২০২৬ ১:১২ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা সন্দেহে ভাইয়ের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ও দুই সন্তানের জননী শোভা বেগম (২৫)-এর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের সন্দেহ, তাঁকে মারধর করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও সুষ্ঠু তদন্তের দাবিতে নিহতের ভাই আমিনুর শেখ (৪০) নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত শোভা বেগম নগরকান্দা উপজেলার আশফরদী গ্রামের নাসির মোল্লার স্ত্রী। নাসির মোল্লা ঢাকার কাফরুল থানাধীন কচুক্ষেত এলাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। স্বামীর কর্মস্থলের সুবাদে শোভা বেগম কচুক্ষেত এলাকাতেই বসবাস করতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে শোভা বেগমের মৃত্যুর খবর পান তাঁর বাবার বাড়ির স্বজনেরা। শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। তবে এ মৃত্যুকে স্বাভাবিক বলে মেনে নিতে পারছেন না নিহতের স্বজনেরা। তাঁদের ধারণা, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা শোভাকে মারধর করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ কারণে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, মৃত্যুর ঘটনাটি ঢাকায় ঘটেছে। ঢাকায় লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবারের পক্ষ থেকে নগরকান্দা থানায় অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার (১৩ নভেম্বর) ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে গৃহবধূর আকস্মিক এই মৃত্যুতে এলাকায় এবং স্বজনদের মাঝে শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি। পুলিশের তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।