গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইন ডেস্কঃ
১২ নভেম্বর, ২০২৬ ১১:০০ এএম
শেয়ার করুন:
গাজীপুরের মৌচাকে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এর ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটার দিকে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মস্থলে পৌঁছালেও কাজে যোগ দেননি। তারা কারখানার ভেতরেই বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য ছুটি ঘোষণা করলে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে ব্যস্ততম এই মহাসড়কে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তারা বারবার ফিরে এসে পুনরায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি সদস্যরা মোতায়েন রয়েছেন।

এদিকে শ্রমিক অসন্তোষের মুখে নিরাপত্তাজনিত কারণে মৌচাক ও এর আশপাশের সব পোশাক কারখানায় আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মহাসড়কটিতে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।