ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্কঃ
১২ অক্টোবর, ২০২৬ ৩:৩৮ পিএম
শেয়ার করুন:
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক ও অবমাননাকর আচরণের অভিযোগ তুলে প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে নিকাব পরিহিত এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ্য করে ‘ফান্ডামেন্টালিস্ট’ (মৌলবাদী) ও ‘সন্ত্রাসী’ আখ্যা দেন শিক্ষক তাসনিম সিরাজ মাহবুব। এছাড়া একই শ্রেণিকক্ষে এক বেঞ্চে ছয়জন ছাত্রকে একসঙ্গে বসতে দেখে তাঁদের ‘গে’ ও ‘গরিব’ বলে কটূক্তি করারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব বক্তব্যকে বৈষম্যমূলক ও অপমানজনক আখ্যা দিয়ে শিক্ষক ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘Red Card to Racist, Classist and Hypocrite’ এবং ‘Red Card to Those Who Support Discrimination, Humiliation and Bullying’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, “তাসনিম সিরাজ মাহবুব ম্যাম ক্লাসে নিকাব পরা এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলেছেন। পাশাপাশি ছাত্রদের প্রতিও আপত্তিকর মন্তব্য করেছেন। পরবর্তীতে তিনি এসব অভিযোগের স্পষ্ট জবাব না দিয়ে ফেসবুক লাইভে একতরফা এআই-নির্ভর (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিবৃতি দেন।” তিনি আরও অভিযোগ করেন, শিক্ষক নেটওয়ার্কের একাংশ কোনো যৌক্তিক কারণ ছাড়াই অভিযুক্ত শিক্ষককে সমর্থন দিয়ে শিক্ষার্থীদের দোষারোপের চেষ্টা করছে, যার বিরুদ্ধেই মূলত তাঁদের এই প্রতিবাদ।

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী জানান, “আমি এই মুহূর্তে দপ্তরে উপস্থিত নেই, তাই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা দিলে তা খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ বা মন্তব্য করা যাবে।”

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইংরেজি বিভাগের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় ও পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠার পর ক্যাম্পাসজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে পরদিনই (৮ অক্টোবর) তাসনিম সিরাজ মাহবুবকে সাময়িকভাবে সকল অ্যাকাডেমিক ও ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।