বেহাল সড়ক সংস্কার ও পাকাকরণের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৫ নভেম্বর, ২০২৬ ৬:২২ পিএম
শেয়ার করুন:
বেহাল সড়ক সংস্কার ও পাকাকরণের দাবিতে হাতিয়ায় মানববন্ধন

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়ক। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজার ও বাজারসংলগ্ন মসজিদের সামনে ওই বেহাল সড়কের পাশে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, এলাকাবাসী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা হাতে লেখা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন আলী বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক জামসেদুল ইসলাম, আল কুরআন একাডেমির প্রধান শিক্ষক মুফতি নুর ইসলাম এবং বাজারসংলগ্ন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান দুলাল।

বক্তারা বলেন, দীর্ঘদিন কোনো সংস্কারকাজ না হওয়ায় আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়কের—বিশেষ করে আলী বাজার ও মসজিদসংলগ্ন অংশের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি ও কাদা জমে জলাবদ্ধতা তৈরি হয়। ফলে পণ্যবাহী যানবাহন ও অটোরিকশা চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যকেও ব্যাহত করছে।

তারা আরও জানান, সড়কের এমন বেহাল দশার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থী এবং মসজিদে যাতায়াতকারী মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাঘব ও স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটির সংস্কার ও পাকাকরণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।