দৌলতপুরে বিজিবির অভিযান: সোয়া ৪ লাখ টাকার ভারতীয় মদ ও ওষুধ জব্দ

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২৪ নভেম্বর, ২০২৬ ১২:৩৫ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে বিজিবির অভিযান: সোয়া ৪ লাখ টাকার ভারতীয় মদ ও ওষুধ জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় মদ, ওষুধ ও বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২৪ হাজার ৫২৫ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্য ও সোর্সের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চিলমারী বিওপির একটি দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত মেইন পিলার ১৫৭/২-এস থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘মরারপাড়া কবরস্থান’ এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় এসব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— ২০ বোতল ভারতীয় ‘দাদা’ মদ (মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা), ৭১০ পিস ডেক্সামেথাসন (Dexamethasone) ট্যাবলেট (মূল্য আনুমানিক ২ লাখ ১৩ হাজার টাকা), ৫৪০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড (Cyproheptadine Hydrochloride) ট্যাবলেট (মূল্য আনুমানিক ১ লাখ ৬২ হাজার টাকা) এবং ৩৫৫ প্যাকেট নিশা বিড়ি (মূল্য আনুমানিক ১৯ হাজার ৫২৫ টাকা)। 

বিজিবি জানায়, ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান চলছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।