থানচিতে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম: পচা চাল ও পলিব্যাগ চাপিয়ে দেওয়ার অভিযোগ, তদারকিতে নেই কেউ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
২২ নভেম্বর, ২০২৬ ৬:৪৫ পিএম
শেয়ার করুন:
থানচিতে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম: পচা চাল ও পলিব্যাগ চাপিয়ে দেওয়ার অভিযোগ, তদারকিতে নেই কেউ

বান্দরবানের থানচি উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত তদারকি দল, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে সুবিধাভোগীদের দেওয়া হচ্ছে পুরোনো দুর্গন্ধযুক্ত পোকা ধরা চাল এবং রোহিঙ্গা শিবিরের জন্য নির্ধারিত নিম্নমানের সাবান। একই সঙ্গে পণ্য নেওয়ার শর্ত হিসেবে ক্রেতাদের অতিরিক্ত মূল্যে পলিব্যাগ কিনতে বাধ্য করা হচ্ছে। এছাড়া দুর্গম দুই ইউনিয়নের সুবিধাভোগীদের নিজ এলাকায় পণ্য না দিয়ে ভোগান্তিতে ফেলার অভিযোগও রয়েছে ডিলারের বিরুদ্ধে।

রোববার (২২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত থানচি উপজেলা প্রশাসনের একটি পরিত্যক্ত ডরমিটরি ভবনের প্রাঙ্গণে এ চিত্র দেখা যায়। 

পরিত্যক্ত ভবনে পণ্য বিক্রি, অনুপস্থিত তদারকি দল 
সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত টিনশেড ডরমিটরি ভবনের একটি কোণে বসে পণ্য বিক্রি করছেন টিসিবির ডিলার মো. সরওয়ার সোহাগ ও তাঁর এক কর্মচারী। সেখানে দুজন সুবিধাভোগীর মাধ্যমে ছয়টি কার্ডের বিপরীতে ৩ হাজার ৬০০ টাকা (প্রতি কার্ডে ৬০০ টাকা) আদায় করতে দেখা যায়। প্রতিটি প্যাকেজে দেওয়া হচ্ছিল পাঁচ কেজি চাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, একটি সাবান ও একটি পলিব্যাগ। 

টিসিবি’র সরকারি নির্দেশনায় তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার), আনসার সদস্য ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে কার্ড বা এনআইডি স্ক্যান করে পণ্য বিতরণের স্পষ্ট নির্দেশনা থাকলেও বিক্রয়কেন্দ্রে তাঁদের কাউকেই দেখা যায়নি। এমনকি বিক্রয়কেন্দ্রে পণ্যের মূল্যসংবলিত কোনো সরকারি ব্যানারও টাঙানো হয়নি।

উপকারভোগীদের ক্ষোভ ও অভিযোগ  
পণ্য নিতে আসা হানারাং ত্রিপুরা, রেংক্লান ম্রো ও অংবাসিং মারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের যে চাল দেওয়া হয়েছে তা পুরোনো, দুর্গন্ধযুক্ত এবং পোকায় ধরা। সঙ্গে রোহিঙ্গা শিবিরে বিতরণের জন্য ব্যবহৃত নিম্নমানের একটি সাবান ও পলিব্যাগ গছিয়ে দেওয়া হয়েছে। এগুলোর দামসহ কার্ডপ্রতি ৬০০ টাকা রাখা হচ্ছে।" তাঁরা জানান, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিরুপায় হয়েই বাধ্য হয়ে নিম্নমানের এসব পণ্য নিচ্ছেন তাঁরা। গত তিন মাস পণ্য বিতরণ বন্ধ থাকায় এমনিতেই নিম্ন আয়ের পরিবারগুলো কষ্টে ছিল, তার ওপর ডিলার নিজের ইচ্ছামতো পণ্য চাপিয়ে দিচ্ছেন।

ডিলারের অদ্ভুত দাবি ও অস্তিত্বহীন প্রতিষ্ঠান 
তদারকি দলের অনুপস্থিতি প্রসঙ্গে জানতে চাইলে ডিলার মো. সরওয়ার সোহাগ বলেন, "তাঁরা আমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়ে চলে গেছেন।" তবে কারা তাঁকে এই দায়িত্ব দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করতে পারেননি তিনি। 

পুরোনো চাল ও সাবান প্রসঙ্গে তিনি দাবি করেন, গত সেপ্টেম্বর মাসে অবিক্রীত থেকে যাওয়া চালই এখন বিতরণ করা হচ্ছে। পলিব্যাগ ও সাবান বাধ্যতামূলকভাবে নেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে বলেও তিনি দাবি করেন। 

অনুসন্ধানে জানা যায়, থানচি বাজারে ‘সিয়াম স্টোর’ নামে কোনো দোকানের অস্তিত্ব নেই। অথচ এই নামেই ডিলারশিপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সরওয়ার সোহাগ স্বীকার করে বলেন, "আবেদনের সময় সিয়াম স্টোরের নাম দেওয়া হয়েছিল। সিয়াম ম্রো নামে একজন আছেন, তবে সেখানে কোনো দোকান বা স্টোর নেই।"

সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন
টিসিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থানচি উপজেলায় অনলাইনে নিবন্ধিত মোট উপকারভোগীর সংখ্যা ১ হাজার ৯৬০টি পরিবার (থানচি সদরে ৮৮৫, বলিপাড়ায় ৭৭৪, তিন্দুতে ১১০ ও রেমাক্রীতে ১৯১)। 

টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেনের স্বাক্ষরিত বরাদ্দপত্র অনুযায়ী, চারটি ইউনিয়নের উপকারভোগীদের নিজ নিজ এলাকায় গিয়ে চার দিনে সরাসরি পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু দুর্গম তিন্দু ও রেমাক্রীর মানুষের পণ্য থানচি সদরে এনে বিক্রি করা হচ্ছে। 

এ ছাড়া টিসিবির নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে—উপকারভোগীদের কোনো অবস্থাতেই পলিব্যাগ, সাবান বা লবণ কিনতে বাধ্য করা যাবে না। এমন অভিযোগের সত্যতা মিললে ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রয়েছে।

প্রশাসনের বক্তব্য মেলেনি  
এসব অনিয়মের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।