বালিয়াকান্দিতে কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি

বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বা??

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
১২ নভেম্বর, ২০২৬ ৮:৩৩ পিএম
শেয়ার করুন:
বালিয়াকান্দিতে কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি

বাংলা সাহিত্যের অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে বাংলা একাডেমি, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ এবং মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম জানান, দিবসটি উপলক্ষে বাংলা একাডেমি ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—সাহিত্যিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী লোকমেলা এবং শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। দিনশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

উল্লেখ্য, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। কালজয়ী সাংবাদিক ও সাহিত্যিক কাঙাল হরিনাথ মজুমদার সম্পাদিত ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে তাঁর সাহিত্যজীবনের সূচনা হয়। তাঁর রচিত প্রথম উপন্যাস ‘রত্নাবতী’ এবং সর্বশ্রেষ্ঠ অমর কীর্তি হিসেবে খ্যাত কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’। নাটক, উপন্যাস, প্রবন্ধ ও আত্মজীবনী মিলিয়ে তিনি প্রায় ৩৬টি গ্রন্থ রচনা করেছেন।

কর্মজীবনের একপর্যায়ে তিনি পদমদীতে মীর মোহাম্মদ আলীর জমিদারি এস্টেট দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে এর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর পদমদীতেই এই মহান সাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে তাঁর সহধর্মিণী কুলসুম বেগমের সমাধির পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। প্রতি বছরই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁর জন্মদিনটি স্মরণ করে সাহিত্যপ্রেমী মানুষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।