জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের দাবি প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ
১২ নভেম্বর, ২০২৬ ৩:৫৭ পিএম
শেয়ার করুন:
জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের দাবি প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর ওপর নতুন করে ঋণের বোঝা না চাপিয়ে অনুদান ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বৈশ্বিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের একটি জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে চলতে হবে। উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি।

সবুজ জ্বালানি ও অভ্যন্তরীণ উদ্যোগ
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সরকারপ্রধান জানান, প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

সবুজ শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি পরিবেশবান্ধব (লিড-সার্টিফাইড) তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহন, পাটজাত পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের একটি জাতীয় রূপরেখা প্রণয়নের কাজ চলছে।

পরিবেশ সংরক্ষণে সরকারের মেগা পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পানি সংরক্ষণ ও বন্যার ঝুঁকি কমাতে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের আওতায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং উপকূলীয় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের কাজ এগিয়ে চলছে।

জলবায়ু অর্থায়নে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব
বর্তমান বৈশ্বিক অর্থায়ন ব্যবস্থার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের জলবায়ু অর্থায়ন এখনও অত্যন্ত অপ্রতুল। এটি উন্নয়নশীল দেশগুলোর অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে গুরুত্ব দেয় না। ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রয়োজন অনুদান, কোনো নতুন ঋণ নয়।” 

এ প্রেক্ষিতে ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ওপর ভিত্তি করে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন তিনি:

১. অভিযোজনে ৫০% বরাদ্দ: আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত দেশগুলোর নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন খাতে বরাদ্দ রাখা।  
২. জরুরি ঋণ-ত্রাণ সুবিধা: জলবায়ুঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ (জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফ)-এর মতো পদক্ষেপ গ্রহণ।  
৩. প্রযুক্তি হস্তান্তর: পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রবেশাধিকার ও কারিগরি সহায়তা নিশ্চিত করা।  
৪. ন্যায্য জ্বালানি রূপান্তর: সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করা।  
৫. ‘বেলেম-আনতালিয়া মেকানিজম’ গ্রহণ: কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের নিশ্চয়তা দিতে 'বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম' বাস্তবায়ন করা।

ভাষণের সমাপ্তিতে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি করা অপরিহার্য। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে বিশ্বনেতাদের কেবল প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে তা দ্রুত কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।