নওগাঁ সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৬ নভেম্বর, ২০২৬ ১০:৪৭ পিএম
শেয়ার করুন:
নওগাঁ সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন

সীমান্তে নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ কার্যকরভাবে দমনে নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপন করা হয়েছে। জেলার সাপাহার উপজেলার বৈকন্ঠপুর সীমান্ত এলাকায় ‘নব-আদাতলা বিজিবি ক্যাম্প’ নামে এই বিওপিটি প্রতিষ্ঠা করা হয়। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি। 

বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর আওতাধীন এই নতুন বিওপিটি স্থাপনের ফলে জেলার উত্তর-পশ্চিম সীমান্তবর্তী প্রায় ১১১ দশমিক ৫ কিলোমিটার এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আগের চেয়ে বহুগুণ গতিশীল হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব অটুট রাখতে বিজিবি সদস্যরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্তে কঠোর নজরদারি, অনুপ্রবেশ প্রতিরোধ, নিয়মিত পতাকা বৈঠক, কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে একটি নিরাপদ সীমান্ত নিশ্চিত করা হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, নতুন এই বিওপি চালুর ফলে সীমান্তে সব ধরনের চোরাচালান, মাদক ও মানবপাচার এবং অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে এই ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।