শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ এনসিপি

অনলাইন ডেস্কঃ
৪ নভেম্বর, ২০২৬ ৪:২২ পিএম
শেয়ার করুন:
শ্রমিকের গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, ছত্রভঙ্গ এনসিপি

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজা কর্মসূচি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের তরুণ তৌফিক হোসেন (২০)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শ্রমিকের রুহের মাগফিরাত কামনায় বুধবার চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি ও ‘শ্রমিক শক্তি’র নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে জানাজার আগে এনসিপি ও শ্রমিক শক্তির নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খানও বক্তব্য রাখেন। বক্তব্য শেষে নেতাকর্মীরা মহাসড়কে গায়েবানা জানাজার প্রস্তুতি নিলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে জানাজা শুরুর চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে জানাজার আয়োজন পণ্ড হয়ে যায় এবং নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, "আমাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি ধর্মীয় কর্মসূচিতে পুলিশ অহেতুক বাধা দিয়েছে। আমরা শ্রমিক তৌফিক হত্যার সুষ্ঠু বিচার এবং একই সঙ্গে পোশাকশ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জোর দাবি জানাচ্ছি। জানাজার মতো মানবিক কর্মসূচিতে এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

অভিযোগের বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, "চান্দনা চৌরাস্তার মতো গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে এনসিপির নেতাকর্মীরা জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্যস্ত সড়ক অবরোধ করলে চরম জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারত। আমরা তাদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করলেও তারা তা শোনেননি। ফলে জনস্বার্থে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।