আগৈলঝাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ইউনিয়ন পর্যায়ের প্রতিভা বাছাই ও দল গঠন শুরু

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১ নভেম্বর, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ইউনিয়ন পর্যায়ের প্রতিভা বাছাই ও দল গঠন শুরু

তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ ও মেধা বিকাশের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ইউনিয়ন পর্যায়ের বাছাই ও দল গঠন কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ বাছাই কার্যক্রমে গৈলা ইউনিয়নের ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা এবং ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ থেকে ১৪ বছর বয়সী বিপুলসংখ্যক শিক্ষার্থী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। আয়োজকরা জানান, তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের ভবিষ্যৎ ক্রীড়াজীবনের ভিত তৈরি করে দেওয়ার উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা ও শামসুল হক খোকন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত খান মনু, সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম। এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে গোলাম ছরোয়ার, মাহামুদ আলম মিঠু, শাহানাজ পারভীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস, নিয়মানুবর্তিতা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে কার্যকর ভূমিকা রাখবে। তৃণমূলের এই খেলোয়াড়রাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।